নারায়ণগঞ্জে ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ৩টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।