এসএমই বৈশাখী মেলা শুরু চলবে ১৮ এপ্রিল পর্যন্ত

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে ৭ দিনের এসএমই বৈশাখী মেলা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। গতকাল রবিবার মেলার উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আয়োজকরা জানিয়েছে, মেলায় ১৫০টিরও বেশি স্টলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএমই উদ্যোক্তারা হস্ত ও কারুশিল্প পণ্য, পাটজাত পণ্য, তৈরি পোশাক ও ফ্যাশন সামগ্রী, কৃষিজ প্রক্রিয়াজাত পণ্য, ঐতিহ্যবাহী/হেরিটেজ পণ্য, হোমমেড খাবার ও স্ট্রিট ফুড, কৃত্রিম গহনা, চামড়াজাত পণ্য এবং সুগন্ধি ও লাইফস্টাইল পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের চেতনাকে ধারণ করে নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই মেলার আয়োজন করা হয়েছে। পরিবার-পরিজন, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে বৈশাখ উদযাপনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি এসএমই খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা প্রায় ১৫টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে। ভবিষ্যতে এ বরাদ্দ আরও বৃদ্ধি করে ২ হাজার কোটিতে উন্নীত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য সামিম আহমেদ।