বয়সভিত্তিকেও একাধিক বিদেশি কোচ

সিনিয়র জাতীয় দলের হেড কোচের পাশাপাশি বয়সভিত্তিক জাতীয় দলগুলোর জন্যও বিদেশি কোচের খোঁজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসির দুটি বাছাই টুর্নামেন্টের আগে দুই থেকে তিনজন বিদেশি কোচ নিয়োগ দিতে চায় তারা। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন এমনটা।

ভারতকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে ক’দিন আগেই সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে বাংলাদেশ। টানা শিরোপা জয়ের পর বাফুফে বয়সভিত্তিক আসরগুলোতে গুরুত্ব বাড়িয়েছে। সাফের গ-ি ছাড়িয়ে এখন এশিয়ান অঞ্চলে নিজেদের প্রমাণ দিতে বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। এ বছরই অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। বাছাই উতরে মূলপর্বে যেতে প্রস্তুতির কমতি রাখতে চান না জাহেদী। চারটি বয়সভিত্তিক দলের জন্য কমপক্ষে দুই থেকে তিনজন বিদেশি কোচ আনার কথা বলেন তিনি। এদিকে গ্রাসরুট ফুটবলে ব্যাপক কাজের সুবাদে এএফসির পক্ষ থেকে এবছরও স্বীকৃতি পাওয়ার সুখবর দিয়েছেন এই কর্তা।