ভিসা মিললেও থাইল্যান্ড সফর বাতিল অ-২০ দলের

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:০৭ এএম

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আসর। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে একাধিক অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। তবে শেষ পর্যন্ত দেরিতে ভিসা পাওয়ায় সেই সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বেশ কয়েকদিন ধরে থাইল্যান্ডের ভিসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে। সভাপতি তাবিথ আউয়ালের উদ্যোগে বৃহস্পতিবার দলের ভিসা পাওয়া গেলেও ততক্ষণে পরিস্থিতি বদলে গেছে। থাইল্যান্ডে ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ নির্ধারিত ছিল। ভিসা না হওয়ায় নির্ধারিত সময়ে দলের যাত্রা নিশ্চিত করা যাচ্ছিল না। এই অনিশ্চয়তার কারণে ইন্দোনেশিয়া বুধবারই অন্য একটি দলের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা পাওয়ার পরও আর থাইল্যান্ড যাওয়া হচ্ছে না বাংলাদেশের। থাইল্যান্ডে বাংলাদেশের আরও একটি প্রস্তুতি ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৮ আগস্ট ভিসা জটিলতার কারণে সেই ম্যাচও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত দুই ম্যাচই হারাতে হলো বাংলাদেশকে। থাইল্যান্ড সফর বাতিল হওয়ায় এখন ঢাকাতেই প্রস্তুতি সারবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ফর্টিজ ও পুলিশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

এদিকে, দীর্ঘমেয়াদি প্রস্তুতির মাধ্যমে এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এই দলকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে। কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনের পর চার দিন আগে ঢাকায় এসেছে দলটি। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করছে তারা। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন,  যেখানে প্রবাসী ফুটবলার রয়েছেন পাঁচজন।

এশিয়ান কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে দলটি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার্সআপ হয়েও পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত