চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও কারুবীথির যৌথ উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে দুদিনব্যাপী বৈশাখী উৎসব-উদ্যোক্তা মেলা আয়োজন করা হবে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চাকসু ভবনের তৃতীয় তলায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে চাকসু।
আগামী ১৪ ও ১৫ এপ্রিল দুই দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে চাকসু। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, নির্বাহী সদস্য সোহানুর রহমান ও আদনান শরীফ।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান সোহান বলেন, এবারের মেলায় ইতোমধ্যে ৭৫টি স্টল নিবন্ধন করেছে। এসব স্টলে বৈশাখী ঐতিহ্যকে কেন্দ্র করে নানা ধরনের সেমি-হ্যান্ডমেড ও হ্যান্ডমেড পণ্য প্রদর্শিত হবে। এসব পণ্য মানসম্মত হলে কারুবীথি উদ্যোক্তাদের বিনামূল্যে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের বিপণন ও মার্কেটিংয়ে সহায়তা প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিভাবান হলেও অনেক সময় তাদের তৈরি পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে না। এই মেলা সেই সুযোগ তৈরি করবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার দ্বিতীয় দিনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এছাড়া সেরা স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি জাঁকজমকপূর্ণ আয়োজন উপহার দেওয়া। পুরো মেলায় বাঙালির হাজার বছরের ঐতিহ্যের ছাপ থাকবে। এই মেলার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে।