ক্যারিয়ারের শুরু থেকেই নানা রকম চর্চায় থাকা পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে বড় সিদ্ধান্ত নিলেন। আইনি জটিলতার পর নিজ উদ্যোগেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি, যা তার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
জানা গেছে, গত মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হন এই শিল্পী। পরে স্বল্প সময়ের মধ্যেই কারামুক্ত হলেও ঘটনাটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।
এই পরিস্থিতির মধ্যেই ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করে জীবনধারায় পরিবর্তন আনতে চান। সে লক্ষ্যেই স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছেন। তার ঘনিষ্ঠদের মতে, পরিবারও এ সিদ্ধান্তে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মার্চ সংঘটিত ওই ঘটনায় গ্রেফতারের পর একদিন কারাগারে ছিলেন তিনি। তবে মামলার শুনানির জন্য আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির হতে হবে।