আসন্ন সীমিত ওভারের সিরিজ খেলতে সোমবার রাতেই বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে মাঠে নামার আগেই কিউই শিবিরে বড় আলোচনার বিষয়—বাংলাদেশের স্পিন সহায়ক উইকেট। কিউই অধিনায়ক টম ল্যাথাম স্পষ্ট করেই জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে এই সফরে তাদের প্রধান লক্ষ্য।
নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত ব্ল্যাক ক্যাপসদের জন্য উপমহাদেশের মন্থর উইকেট সবসময়ই এক কঠিন পরীক্ষা। দেশ ছাড়ার আগে টম ল্যাথাম বলেছে, 'বাংলাদেশে যাওয়ার আগে আমরা জানি যে সেখানে স্পিন বড় ভূমিকা পালন করবে। এটা বুঝতে হবে, নিউজিল্যান্ডের চেয়ে ওখানকার পরিস্থিতি ভিন্ন হবে। মানসিকভাবে এবং কৌশলগতভাবে আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে।'
ল্যাথাম আরও যোগ করেন যে, আগের ম্যাচগুলোর তথ্য এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তারা প্রস্তুতি নিচ্ছেন। একেকটি ভেন্যু ও পিচের আচরণ বুঝে গেম-বাই-গেম পরিকল্পনা সাজাতে চায় কিউইরা।
আইপিএল এবং পিএসএলের কারণে নিয়মিত একাদশের প্রায় ১৫-১৬ জন ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না নিউজিল্যান্ড। ফলে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসতে হচ্ছে তাদের। তবে ল্যাথাম একে নেতিবাচকভাবে দেখছেন না। তার মতে, 'কিছু তরুণ খেলোয়াড় এখানে সুযোগ পাচ্ছে। যদিও এরা সবাই একেবারে নতুন নয়, সবারই কিছু না কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এই সফরের অভিজ্ঞতা আমাদের দলের গভীরতা আরও বাড়াবে।'
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর সিরিজের বাকি ম্যাচগুলো চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, উইল ও'রোক, বেন সিয়ার্স, হেনরি নিকোলস, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।