দিল্লিতে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সহিংসতা

ভারতের রাজধানী নয়া দিল্লির উপশহর নয়ডায় কারখানা শ্রমিকদের একটি বিক্ষোভ দমন করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বেতন বৃদ্ধির দাবিতে এ বিক্ষোভ চতুর্থ দিনে সহিংস রূপ নেয়। উপশহরের বিভিন্ন অংশে যানবাহন পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

সোমবার পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘নূন্যতম বলপ্রয়োগ’ করেছে তারা। উত্তর প্রদেশের সংসদ সদস্য নরেন্দ্র কাশ্যাপ বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

‘ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা শ্রমিকদের বোঝাতে এবং শান্তি ও সংযম বজায় রাখতে অনুরোধ করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন’, একটি বিবৃতিতে উল্লেখ করেছে গৌতম বুদ্ধ নগর পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন বিক্ষোভকারী রাস্তায় মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে, আর দাঙ্গা-বিরোধী সরঞ্জাম পরিহিত নিরাপত্তা কর্মীরা তা দেখছে।

অন্যান্য ভিডিওতে দেখা গেছে, একটি উল্টে যাওয়া গাড়ি থেকে আগুনের শিখা উঠছে এবং বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ছে ও ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে।

নয়ডা এশিয়ার অন্যতম বৃহত্তম পরিকল্পিত শিল্প নগরী এবং এখানে হাজার হাজার শিল্প ইউনিট রয়েছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

প্রতিবেশী রাজ্য হরিয়ানায় গত সপ্তাহে একই ধরনের বিক্ষোভের জেরে সরকার ন্যূনতম মজুরি ৩৫ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিয়েছে। এ রাজ্যে বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার উৎপাদন কেন্দ্র রয়েছে।

পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বাসিন্দা এবং নয়ডার একটি হোসিয়ারি কোম্পানিতে কর্মরত ৩০ বছর বয়সী বিনয় মাহোতি জানান, তিনি প্রথমে তার উৎপাদন ইউনিটের ভেতরে প্রতিবাদ করলেও পরে রাস্তায় নেমে আসা অন্যান্য কোম্পানির শ্রমিকদের সঙ্গে যোগ দেন।

‘কাজের সময় নির্দিষ্ট করতে হবে, অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে এবং কোম্পানিগুলোকে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নির্দেশিকা মেনে চলতে হবে’, নিজের দাবিগুলো এভাবেই প্রকাশ করেন তিনি।