মাদারীপুরে দুই দিনের অভিযানে গ্রেপ্তার ৩৯

মাদারীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৃথক দুই দিনের বিশেষ অভিযানে সদর মডেল, শিবচর ও রাজৈর থানায় মোট ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ১৩ এপ্রিল সদর মডেল ও রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর মডেল থানায় ২টি সিআর পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার ৭ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনসহ মোট ১১ জনকে আটক করা হয়। একই দিনে রাজৈর থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১২ এপ্রিল শিবচর ও রাজৈর থানায় পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শিবচর থানায় ১০ পিস ইয়াবাসহ ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ৫ জনসহ মোট ৮ জনকে আটক করা হয়। অন্যদিকে রাজৈর থানায় সিআর ওয়ারেন্ট ১টি, ১ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, নিয়মিত মামলার ৬ জন এবং ১৫১ ধারায় ২ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।