মাদারীপুরে শ্যালো মেশিন নিয়ে বিরোধে হামলা-ভাঙচুর, আহত ৩

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে শ্যালো মেশিন ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল ) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার জয়ার আমবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—এরাতুন্নেসা (৫০), রানা সরদার (২৭) ও সাগর সরদার (২০)। তারা একই পরিবারের সদস্য। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মতিন সরদারের ছেলে রাসেল সরদার পুকুরের পানি নিষ্কাশনের জন্য রানা সরদারের বাড়িতে গিয়ে শ্যালো মেশিন ব্যবহারের অনুরোধ করেন। এ সময় রানা সরদার অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে রূপ নেয়।
পরে মতিন সরদারসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে। এসময় এরাতুন্নেসা, রানা ও সাগর সরদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।