বিদায়ের শঙ্কায় ইউরোপের তিন পরাশক্তি

ইউরোপীয় ফুটবলের তিন ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং বার্সেলোনা এখন খাদের কিনারে দাঁড়িয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রবল শঙ্কায় রয়েছে এই তিন জায়ান্ট।

সব মিলিয়ে ইউরোপের এই তিন ক্লাব ২৬ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। কিন্তু সেমিফাইনালে পা রাখতে হলে এখন তাদের সামনে এক হিমালয়সম বাধা টপকাতে হবে।

খাদের কিনারে রিয়াল মাদ্রিদ : রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকা মাদ্রিদের জন্য এই মৌসুমের একমাত্র আশার আলো ছিল তাদের প্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু বুধবার মিউনিখের মাঠে বায়ার্নকে হারানো হবে এক বিশাল চ্যালেঞ্জ।

ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন এই মৌসুমে অপ্রতিরোধ্য। ৪৫ ম্যাচের ৩৯টিতেই জিতেছে তারা। হ্যারি কেইন, মাইকেল ওলিসে এবং লুইস দিয়াজদের নিয়ে গড়া আক্রমণভাগ যেমন শক্তিশালী, তেমনি গোলপোস্টের নিচে ৪০ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ার এখনো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন। তবে প্রথম লেগে বেশ কিছু সুযোগ তৈরি করতে পারাটাই মাদ্রিদ সমর্থকদের জন্য একমাত্র আশার বাণী।

অ্যানফিল্ডে কি মিরাকল ঘটাতে পারবে লিভারপুল? : গত আসরের মতো এবারও লিভারপুলের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে পিএসজি। প্রথম লেগে প্যারিসে ২-০ গোলে হেরেছে অল-রেডরা। লিভারপুল কোচ আর্নে স্লট স্বীকার করেছেন যে, প্রথম লেগে পিএসজিই আধিপত্য দেখিয়েছে, তবে পিএসজি কিছু সহজ সুযোগ মিস করায় তারা এখনো লড়াইয়ে টিকে আছে বলে তিনি মনে করেন।

এখন মঙ্গলবার রাতে অ্যানফিল্ডের সেই বিখ্যাত গর্জনের ওপরই ভরসা করতে হচ্ছে ছয়বারের চ্যাম্পিয়নদের। ২০১৯ সালে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকে ৪-০ গোলে জয়ের সেই স্মৃতিই এখন লিভারপুলের প্রেরণা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার দৌড়ে পিছিয়ে পড়ায় কোচ স্লটের ওপর চাপ এখন চরমে।

বার্সেলোনার সামনে আতলেতিকো বাধা : লা লিগার শিরোপার সুবাস পেলেও চ্যাম্পিয়ন্স লিগে অস্বস্তিতে আছে বার্সেলোনা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে স্তব্ধ কাতালানরা। মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে ডিয়েগো সিমিওনের দলের রক্ষণ ভাঙতে হবে হান্সি ফ্লিকের শিষ্যদের।

গত মাসে কোপা দেল রে থেকে বার্সেলোনাকে বিদায় করেছিল এই আতলেতিকোই। ইনজুরির কারণে রাফিনহাকে না পাওয়া বার্সার জন্য বড় ধাক্কা হলেও লেভানডভস্কি, লামিন ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডদের নিয়ে গড়া আক্রমণভাগ মিরাকল ঘটাতে সক্ষম কি না, সেটাই এখন দেখার বিষয়।

স্বস্তিতে আর্সেনাল, তবে বাড়ছে চাপ : ইউরোপের অন্য কোয়ার্টার ফাইনালে গানার্সরা কিছুটা সুবিধাজনক অবস্থানে। কাই হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে মিকেল আর্তেতার দল। বুধবার এমিরেটস স্টেডিয়ামে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।

তবে ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক ছন্দপতন চিন্তায় রেখেছে আর্তেতাকে। লিগ কাপ এবং এফএ কাপ থেকে বিদায়ের পর প্রিমিয়ার লিগেও বোর্নমাউথের কাছে হেরে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলেছে তারা। আগামী রবিবার সিটির বিপক্ষে লিগের ভাগ্যনির্ধারণী ম্যাচের আগে এই জয়টি আর্সেনালের আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত জরুরি।