বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল যুবকের, যা জানা গেলো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। শুরুতে কিছুটা লাভবান হলেও ধীরে ধীরে বড় অংকের অর্থ হারাতে থাকেন। একপর্যায়ে জুয়ার টাকা জোগাড় করতে নিজের সম্পদ বিক্রি করেও তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ ছিল। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৩০ লাখ টাকা এবং নগদ ছিল প্রায় ৫ লাখ টাকা-যা তিনি ধীরে ধীরে অনলাইন জুয়ার পেছনে হারিয়ে ফেলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক বছরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে অনেক তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। ইউসুফের ঘটনাটি সেই বাস্তবতারই একটি উদাহরণ বলে মনে করছেন তারা।

সম্প্রতি ইউসুফ দুধ দিয়ে গোসল করে শপথ নেন যে, তিনি আর কখনো অনলাইন জুয়ার সঙ্গে জড়াবেন না। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এক প্রতিবেশী জানান, দীর্ঘদিন জুয়ার কারণে সবকিছু হারিয়ে ইউসুফ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তবে এখন তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। ইউসুফ জানান, বন্ধুদের মাধ্যমে তিনি প্রথমে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হন। শুরুতে কিছু লাভ হলেও পরে ক্রমাগত ক্ষতির মুখে পড়েন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব। তিনি বলেন, সব হারিয়ে আজ দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি-আর কখনো এই পথে ফিরব না। আমি চাই না, আমার মতো অন্য কেউ এই নেশায় ধ্বংস হয়ে যাক।

একই সঙ্গে ইউসুফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা জুয়া খেলে তাদের শাস্তি না দিয়ে বরং যারা এসব জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবিও জানান তিনি।

সচেতন মহলের মতে, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হতে পারে। তারা দ্রুত এসব অবৈধ জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।