চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চবি প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় আয়োজন করা হচ্ছে বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা। এতে অংশ নেবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ১১টায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জানা গেছে এবারের বৈশাখী উৎসবে ক্যাম্পাস জুড়ে থাকছে নানা আয়োজন। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। বেলা ১১টায় জারুলতলায় বৈশাখী মঞ্চে হবে আলোচনা সভা। এতে অংশ নিবেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে পুতুল নাচ, মুক্ত মুঞ্চে বলি খেলা, শহীদ আব্দুর রব হলের মাঠে কাবাডি খেলা, চাকসু প্রাঙ্গণে বউচি খেলা হবে বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার চত্বরে। এছাড়া অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী উদ্যোক্তা মেলা।