কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় থানায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শামীম রেজা হত্যার ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছে। তবে এখনও  এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের দারোগার মোড় এলাকার ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ক্ষুব্ধ এলাকাবাসীর হামলা করে। এক পর্যায়ে পীর দাবি করা শামীম রেজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  পরদিন ১১ এপ্রিল বিকেলে ময়নাতদন্ত শেষে কঠোর নিরাপত্তা প্রহরায় স্থানীয় দক্ষিন-পশ্চিম ফিলপনগর কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।