পিএসএলে শরিফুলের বোলিংয়ে মুগ্ধ বাবর আজম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন দুই বাংলাদেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে টেবিলের শীর্ষে রাজত্ব করছে বাবর আজমের পেশোয়ার জালমি। ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে তারা, অন্যটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

পেশোয়ার জালমির এই অভাবনীয় সাফল্যে বড় অবদান রাখছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বিশেষ করে নাহিদ রানার বোলিং তোপ প্রতিপক্ষের ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নাহিদ রানা মাত্র ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ৫ নম্বরে রয়েছেন তিনি। তবে তার সবচেয়ে বড় শক্তির জায়গা ইকোনমি রেট। মাত্র ৫.৪৩ ইকোনমি নিয়ে আসরের সবচেয়ে 'কিপটে' বোলার এখন তিনি। এছাড়া তার ৬১.৬৭% ডট বল করার রেকর্ডও এখন পর্যন্ত পিএসএলের সেরা।

শরিফুল ইসলাম উইকেট সংখ্যার বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও নতুন বলে অধিনায়ক বাবর আজমের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন শরিফুল। ৫ ম্যাচে ২ উইকেট পেলেও তার নিয়ন্ত্রিত বোলিং পেশোয়ারকে শুরুতেই শক্ত ভিত গড়ে দিচ্ছে। ৪৬.৯৭% ডট বল নিয়ে তিনিও টুর্নামেন্টের সেরা ডট বোলারদের তালিকায় ৪ নম্বরে আছেন।

সর্বশেষ ম্যাচে মুলতান সুলতান্সকে ২৪ রানে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে পেশোয়ার। সেই ম্যাচেও নাহিদ রানা ২৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন। অন্যদিকে শরিফুল উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২৭ রান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম দুই টাইগার পেসারের প্রশংসা করে বলেন, “বোলিংয়ের কথা বলতে গেলে, শরিফুল আমাদের দারুণ শুরু এনে দিচ্ছে। সাথে ইফতিখারও (আহমেদ) ভালো করছে। দল হিসেবে আমরা সঠিক পথেই আছি। টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়েছে, সামনে আরও বড় চ্যালেঞ্জ। আমরা এই মোমেন্টাম ধরে রেখে ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যেতে চাই।”

পিএসএলে আলো ছড়িয়ে এবার জাতীয় দলের দায়িত্ব পালনের সময় হয়েছে এই দুই পেসারের। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান থেকে দেশে ফিরছেন শরিফুল ও নাহিদ রানা। লিগের মাঝপথে তাদের হারানো পেশোয়ার জালমির জন্য বড় এক ধাক্কা হলেও, তাদের পারফরম্যান্স ভক্তদের মনে লম্বা সময় দাগ কেটে থাকবে।