জয় শাহর উত্তরসূরি হওয়ার গুঞ্জন নাকচ মহসিন নাকভির

‎কদিন আগে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ওঠে যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করা নাকভি ক্রিকেট বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সামলাতে যাচ্ছেন এবং আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন।

‎কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জয় শাহর উত্তরসূরি হিসেবে তার নাম আসার গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন।

‎সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পিএসএল-১১ এর ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে আইসিসি প্রধান হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "না, আমার হাতে এমনিতেই অনেক কাজ রয়েছে।"

‎বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকট ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে সরকারি কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবে পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিক ও সমর্থকদের দাবির মুখে মহসিন নাকভি জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে আবারও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলবেন।

‎তিনি বলেন, 'আমি দর্শকদের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও আলাপ করব। গ্যালারিতে দর্শক ফিরিয়ে আনতে পিসিবি সর্বোচ্চ চেষ্টা চালাবে।'

‎কয়েকদিন আগেই পিসিবি ঘোষণা দিয়েছিল যে, সরকারি মিতব্যয়ী নীতির অংশ হিসেবে পিএসএলের ম্যাচগুলো দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে।

‎সেই সময় নাকভি জানিয়েছিলেন, টুর্নামেন্টটি সীমিত করে দুটি ভেন্যু করাচি ও লাহোরে আয়োজন করা হবে, যাতে জনসমাগম কমানো যায়। এই সিদ্ধান্তটি নেওয়া হয় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে।

‎পরবর্তীতে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক দর্শক ফিরিয়ে আনার দাবি জানান। তাদের মতে, দর্শক ছাড়া লিগের আসল আবহ ও পরিচয় নষ্ট হয়ে যায়। তারা প্রধানমন্ত্রী ও প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানান।

‎নাকভি দর্শক ফেরানোর ইচ্ছা প্রকাশ করলেও, টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা তিনি নাকচ করে দেন।