মহসিন নাকভির হাত থেকে এশিয়ান গেমস পদক নেবে ভারত!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

চলমান এশিয়ান গেমসে এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ভারতীয় দল পদক গ্রহণ করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে দলের সম্পূর্ণ মনোযোগ কেবল ম্যাচ জয়ের দিকেই রয়েছে।

গত দুই বছর ধরে এশিয়া কাপে পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারতীয় পুরুষ ও নারী দল। স্বাভাবিকভাবেই আসন্ন এশিয়ান গেমসেও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, মহসিন নাকভি যদি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) কর্তৃক আনুষ্ঠানিকভাবে পদক বিতরণের দায়িত্বে থাকেন, তবে কী করবে ভারত—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়াকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান,

"আমরা এখন শুধুমাত্র ম্যাচগুলোর ওপর ফোকাস করছি। দলগুলোকে আগে তো পোডিয়ামে (পড়ন্ত সাফল্য বা পদক মঞ্চ) পৌঁছাতে হবে। তখন পরিস্থিতি অনুযায়ী সব দিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। সময় আসুক, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। বোর্ড ও খেলোয়াড়দের একমাত্র লক্ষ্য ম্যাচ জেতা।"

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) যদি আনুষ্ঠানিকভাবে মহসিন নাকভিকে পদক বিতরণের দায়িত্ব অর্পণ করে, তবে ভারতীয় অ্যাথলেটদের সেই পদক গ্রহণ করতে হতে পারে। কারণ, এই নির্দেশ অমান্য করা হলে তা গেমস, ওসিএ এবং তাদের অনুমোদিত প্রতিনিধিকে অসম্মান করার শামিল হিসেবে গণ্য হবে, যার ফলে শৃঙ্খক্ষভঙ্গের দায়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।

ওসিএ সংবিধান ও নিয়মাবলীর অনুচ্ছেদ ৬৬ অনুযায়ী, 'ভিক্টরি অ্যান্ড মেডেলস সিরিমনি' বা পদক প্রদান অনুষ্ঠানে বিজয়ী অ্যাথলেটদের গলায় পদক পরিয়ে দেন ওসিএ সভাপতি অথবা তার দ্বারা বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি। এছাড়া, পদক প্রদান অনুষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা বাণিজ্যিক স্লোগান বা প্রতিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ।

ভারতীয় নারী ক্রিকেট দল ইতিমধ্যে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। পুরুষদের ক্রিকেটেও ফেভারিট ভারত।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত