মাশচেরানোর হঠাৎ পদত্যাগ, মায়ামির দায়িত্বে মেসির ফুটবলীয় পিতা

ইন্টার মায়ামিকে প্রথম মেজর লিগ সকার  শিরোপা জেতানোর কারিগর হাভিয়ের মাশ্চেরানো হঠাৎ করেই প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন মৌসুমের শুরুর দিকেই আর্জেন্টাইন এই কোচের এমন বিদায় ফুটবল বিশ্বে বড় চমক হয়ে এসেছে।

‎ইন্টার মায়ামির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মাশ্চেরানো বলেন, 'ব্যক্তিগত কারণে আমি ইন্টার মিয়ামির প্রধান কোচের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ, যাদের কারণে আমরা কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি।'

‎৪১ বছর বয়সী এই কোচ আরও যোগ করেন, "মায়ামির প্রথম শিরোপার স্মৃতি আমি সব সময় হৃদয়ে বহন করব। আমি যেখানেই থাকি না কেন, এই ক্লাবের সাফল্য কামনা করব।"

‎২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মাশ্চেরানোর অধীনে ইন্টার মায়ামি তাদের ইতিহাসের সেরা সময় পার করেছে। ক্লাবকে প্রথমবারের মতো এমএলএস কাপ ও ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতিয়েছেন তিনি। ২০২৫ মৌসুমে তার দল সব মিলিয়ে ১০১টি গোল করে, যা এমএলএস ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

‎পরবর্তী দায়িত্ব কে পাচ্ছেন?

‎মাশ্চেরানোর বিদায়ের পর দলের হাল ধরছেন ৬২ বছর বয়সী অভিজ্ঞ কোচ গিলেরমো হোয়োস।

‎লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার একাডেমিতে (লা মাসিয়া) কোচ হিসেবে ছিলেন এই আর্জেন্টাইন। ২০১০ সালে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, "হোয়োস আমার ফুটবলীয় পিতা।" মাশ্চেরানোর মতো হোয়োসও মেসির দীর্ঘদিনের পরিচিত এবং অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ।

ম্যারাডোনার সতীর্থ গিলেরমো হোয়েস

রাস্তায় জীবন কাটানো এক যোদ্ধা

​আর্জেন্টিনার ভিলা মারিয়াতে জন্ম নেওয়া হোয়োসের শৈশব ছিল চরম দারিদ্র্যে ঘেরা। তার বাবা অ্যালকোহলে আসক্ত ছিলেন, যার ফলে মাত্র ৮ বছর বয়সে হোয়োসকে রাস্তায় নামতে হয়। টানা দুই বছর তিনি বুয়েনস আইরেসের রাস্তায় জুতো পালিশ করে, খবরের কাগজ বিক্রি করে এবং মানুষের জন্য গাড়ির দরজা খুলে দিয়ে জীবন চালিয়েছেন। গির্জার দেওয়া খাবারে ক্ষুধা মেটানো সেই ছেলেটিই একদিন ফুটবল বিশ্বের নজরে আসেন।

​ম্যারাডোনার সতীর্থ থেকে মেসির মেন্টর

​হোয়োসের ফুটবল প্রতিভা তাকে ১৯৭৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিয়ে যায়, যেখানে তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে ২০০৩ সালে তিনি বার্সেলোনার যুব একাডেমি 'লা মাসিয়া'-তে কোচের দায়িত্ব পান। সেখানেই তার হাতে পড়েছিল ১৬ বছর বয়সী এক কিশোর—লিওনেল মেসি।

​মেসিকে যখন "ম্যারাডোনা" বলেছিলেন হোয়োস

​হোয়োসই প্রথম বার্সেলোনা কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছিলেন, "মেসি হলো পরবর্তী ম্যারাডোনা, ওকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।" মেসির ক্যারিয়ারের শুরুতে তাকে সাহস দেওয়া, কৌশল শেখানো এবং আগলে রাখার কারণে মেসি তাকে আজও নিজের বাবার মতো শ্রদ্ধা করেন। ২০১৬ সালে মেসির বিয়েতেও হোয়োস ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথি।

‎‎​২০২৫ সালের জানুয়ারিতে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে মিয়ামিতে যোগ দিয়েছিলেন ৬২ বছর বয়সী হোয়োস। তার রয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব এবং বলিভিয়া জাতীয় দলকে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা।