ইরানের তেল নিতে পারবে না চীন: মার্কিন অর্থমন্ত্রী

চীনের ওপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চীন কোনোভাবেই ইরান থেকে তেল আমদানি করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে ইরানি তেল পরিবহনকারী চীনা ট্যাঙ্কারগুলোকে যুক্তরাষ্ট্র আটকে দেবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কট বেসেন্ট এই কড়া বার্তা দেন। তিনি বলেন, ‘তারা (চীন) তাদের প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারবে, কিন্তু কোনোভাবেই ইরানের তেল নিতে পারবে না। আমরা তাদের ইরানি তেল সংগ্রহ করতে দেব না।’

ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। বেইজিংয়ের এই ভূমিকার তীব্র সমালোচনা করে মার্কিন অর্থমন্ত্রী চীনকে একটি ‘অনির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, চীন তেলের মজুদ গড়ে তুলছে এবং বেশ কিছু পণ্য রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করছে, যা বিশ্ববাজারের জন্য নেতিবাচক।

বেসেন্ট জানান, এই বিষয়ে তিনি ইতোমধ্যে চীনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে এই বিরোধের জেরে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বেইজিং সফর ভেস্তে যাবে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি।

আসন্ন সফর সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি এই সফরের মূল বার্তা হচ্ছে স্থিতিশীলতা। গত বছরের গ্রীষ্মকাল থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চমৎকার স্থিতিশীলতা বজায় রয়েছে, যা মূলত শীর্ষ পর্যায় থেকে নির্দেশিত। আমি বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

সূত্র: আল-জাজিরা