জামালপুরে অবৈধভাবে তেল মজুদে যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে সাব্বির হোসেন (২৬) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হাতিভাঙা ইউনিয়নের কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। সাব্বির উপজেলার হাতিভাঙা ইউনিয়নের উত্তর কাঠারবিল এলাকার বাদশা আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাব্বির কাঠার বিল ফিলিং স্টেশন থেকে অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তেল মজুদ ও অনিয়মের অভিযোগে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, তেল মজুদের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।