জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলাম (৬৫) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মাথাভাঙ্গা থেকে তেঘরিয়া সড়কের পূর্ব ফাজিলপুর এলাকার একটি জলাবদ্ধ খেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারিতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী জুলেখাকে নিয়ে জোনাইল মৃধাবাড়ি এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ১১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে বালিজুড়ীর উদ্দেশে রওনা হন জহুরুল। পরে আমলীতলা ব্রিজের উত্তর পাশে তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখা যায়। অটোরিকশাটিতে মরিচের গুঁড়া ছিটানো ছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের মেয়ে জেলি আক্তার থানায় নিখোঁজ জিডি করেন।
আজ দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখে জহুরুল ইসলামের বলে শনাক্ত করে।
এ প্রসঙ্গে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।