নীলফামারীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী টেক্সটাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও ছোট ছেলে মো. সোয়াদ (৬)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার স্টালিনের ছেলে মোহাম্মদ হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় জেলা সদরের টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।