সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতীয় মদ ও গ্যাস সিলিন্ডারসহ সাগর আলী (৩৬) নামে এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-৩৫ বিজিবি। এরআগে মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে রৌমারী সীমান্তে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিজস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন বাংলা বাজার বিওপির বিজিবি সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছে জন্দিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ট্রাকসহ ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫ বোতল খালি গ্যাসের সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় সাগর আলী নামে এক যুবককে আটক করেন বিজিবির সদস্যরা। পরে আজ সকালে আটককৃত সাগর আলী ও চোরাচালানের মালামাল রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধভাবে চোরাচালান বন্ধে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখছে। যে কোন চোরাচালান বন্ধে আমাদের প্রত্যেকটি সদস্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় মদ ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।