তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ এপ্রিল নির্ধারণ করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে না পারায় আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত নতুন এ দিন ঠিক করেন। এদিন প্রথমে শুনানি করবে প্রসিকিউশন।

মামলায় গ্রেফতার হয়েছেন চারজন-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

প্রসিকিউশন সূত্র জানায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী নৃশংসতা চালায়। আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত ও অনেকে আহত হন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি এখন ট্রাইব্যুনালের বিচারাধীন।