ঢাকের তালে গান-বাজনা ও র্যালির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বসুন্ধরা ইয়োগা সোসাইটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ব্যাংক এশিয়া মোড় থেকে শুরু হওয়া বর্ষবরণ র্যালিটি বসুন্ধরা আই হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইয়োগা সেন্টারের প্রধান নির্বাহী সাবেক সেনা কর্মকর্তা মহসিনুল করিম।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা “এসো হে বৈশাখ, এসো এসো” স্লোগানে চারপাশ মুখরিত করেন। পরে বসুন্ধরা স্পোর্টস সিটি ইয়োগা সেন্টারে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণের উদ্বোধন হয় এবং শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন।
বর্ষবরণের উদ্বোধন করেন বাংলানিউজ২৪.কম-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। তিনি বলেন, বসুন্ধরা এলাকায় এমন বড় পরিসরে বৈশাখী আয়োজন আগে দেখা যায়নি। তার মতে, এ ধরনের উদ্যোগ নগর জীবনের বিচ্ছিন্নতা কমিয়ে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বাড়ায়। তিনি বলেন, এখানে যোগব্যায়াম কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
আয়োজক সোসাইটির আহ্বায়ক মনিরুল আলম বলেন, সোসাইটিতে দুই সেশনে ২০০-এর বেশি সদস্য নিয়মিত যোগব্যায়াম করেন, যা সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত।
দিনব্যাপী অনুষ্ঠানে বৈশাখী মেলা, পান্তা-ইলিশ, দেশীয় খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল। আয়োজকদের মতে, এই আয়োজন নগর জীবনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরেছে এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়োগা প্রশিক্ষক মোতাহার হোসেন, ডা. তোফাজ্জল হোসেন জুয়েল, সদস্য জালাল আহমেদ, আব্দুল আউয়াল, শামসুল হক, আফসানা রহমান নিক্কণ, মনিরা পারভীন ও মো. সোহরাব হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাজেদা সাজ্জাদ, আফসানা রহমান নিক্কণ, সারোয়ারী খানম, রওশন, শাম্মী রহমান, তামান্না, জেসমিন, মনিরা, রাফিজা সুলতানা ও মিজানুর রহমান ভুঁইয়া।