'দামী খেলোয়াড় দেখে দল সাজানো ঠিক না', কেকেআরের ব্যর্থতার কারণ বললেন ফিঞ্চ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের অবস্থা শোচনীয়। পাঁচ ম্যাচের চারটিতে হার, আর একটি বৃষ্টিতে পণ্ড—সব মিলিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকছে দুবারের চ্যাম্পিয়নরা। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের  বিরুদ্ধে গত মঙ্গলবার হারার পর কেকেআরের পরিকল্পনা ও কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তার মতে, ২৫ কোটি ২০ লাখ রুপির চড়া মূল্যে কেনা ক্যামেরন গ্রিনকে স্রেফ 'প্রাইস ট্যাগ'-এর কারণে খেলিয়ে যাওয়াটা হবে বোকামি। বরং ফর্মহীন গ্রিনকে বসিয়ে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার টিম সেফার্টকে একাদশে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

ভুল পজিশনে গ্রিন?

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ক্যামেরন গ্রিনকে ব্যাটিং করতে পাঠানো হয় ৬ নম্বর পজিশনে। যা নিয়ে অবাক হয়েছেন ফিঞ্চ। তিনি বলেন, "৬ নম্বর গ্রিনের জন্য একেবারেই অপরিচিত একটি জায়গা। টি-টোয়েন্টিতে সে খুব কমই এই পজিশনে ব্যাট করেছে। বিশেষ করে যখন দুজন স্পিনার (আকিল হোসেন ও নূর আহমেদ) বল করছিলেন, তখন গ্রিনকে নামানো ছিল তার জন্য দুঃস্বপ্নের মতো।" ফলাফল হিসেবে নূর আহমেদের বলে গোল্ডেন ডাক (০) মেরে ফেরেন গ্রিন।

ফিঞ্চ কড়া ভাষায় বলেন, "দাম দেখে কখনও দল নির্বাচন করা উচিত নয়। নিলামে যখন কাউকে কেনা হয়, সেটি মূলত চাহিদার ভিত্তিতে। কিন্তু তার মানে এই নয় যে, বেশি দাম দিয়ে কেনা হয়েছে বলেই তাকে খেলাতে হবে। গ্রিন তার সেরা ক্রিকেট খেলেছে টপ অর্ডারে, সেখানে তাকে নিচে খেলানো মানেই তার প্রতিভার অপচয়।"

 

সেফার্টের জন্য জোরালো দাবি

টিম সেফার্ট বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ৮ ইনিংসে ৪৬.৫৭ গড়ে এবং ১৬৬.৩২ স্ট্রাইক রেটে ৩২৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অথচ কেকেআরের ডাগআউটে বসে থাকতে হচ্ছে তাকে।

সেফার্টের পক্ষে যুক্তি দিয়ে ফিঞ্চ বলেন, "আপনাদের বেঞ্চে সেফার্টের মতো একজন বিশেষজ্ঞ ওপেনার বসে আছে। সে স্কুপ, র‍্যাম্পসহ উইকেটের চারদিকে শট খেলতে দক্ষ। একজন প্রতিপক্ষ অধিনায়কের জন্য সেফার্টের বিপক্ষে পরিকল্পনা করা অনেক বেশি কঠিন। তাই এখনই সময় গ্রিনকে নিয়ে নতুন করে ভাবার এবং সেফার্টকে সুযোগ দেওয়ার।"

অগোছালো কেকেআর

শুধু গ্রিন নন, ওপেনিংয়ে ফিন অ্যালেনও (১) ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। সুনীল নারিনকে ওপেনিংয়ে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশীর মন্থর ব্যাটিং কেকেআরের রান তাড়ার পথ কঠিন করে তুলেছিল। দলের বোলিং কোচ টিম সাউদি হারের পর জানিয়েছেন, দল হারলে অনেক বিকল্প নিয়ে ভাবতে হয় এবং তারা সামনের ম্যাচগুলোতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এখন দেখার বিষয়, ফিঞ্চের পরামর্শ মেনে টিম ম্যানেজমেন্ট দামি তারকা গ্রিনকে বসিয়ে ইন-ফর্ম সেফার্টকে একাদশে অন্তর্ভুক্ত করে কি না।