ভোলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. শেখ ফরিদ (৩৫)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুদূরচর গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।