জাতীয় সংসদে কুমিল্লা–সিলেট মহাসড়কের বেহাল অবস্থা ও ঘনঘন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয় তুলে ধরে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, এই মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানি হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।
বক্তব্যে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও বাস্তবে এর প্রস্থ মাত্র ১৮ ফুট। এমন পরিস্থিতিতে এলাকায় মানুষের মুখোমুখি হওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, তিনি সংসদে বক্তব্য দিচ্ছেন ঠিক সেই সময়েই দেবীদ্বারে নতুন করে তিনজনের মৃত্যুর খবর এসেছে, যাদের দাফনের প্রস্তুতি চলছে। তার মতে, এই ধরনের ঘটনা ওই এলাকায় প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, দেশের দুটি বিভাগীয় শহরকে সংযুক্তকারী এমন সংকীর্ণ মহাসড়ক আর নেই। কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি ময়নামতি, দেবীদ্বার, জাফরগঞ্জ, কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি পর্যন্ত বিস্তৃত এবং প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই পথ ব্যবহার করে।
চট্টগ্রাম ও সিলেটের মধ্যে যাতায়াতের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে দেবীদ্বার–বুড়িচং অংশটি প্রতিদিন যেন মৃত্যুর পথে পরিণত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, শুধু চলতি মাসেই এই মহাসড়কে অন্তত ২৩ জন মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে নানা অজুহাতে উন্নয়নকাজ স্থবির রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে তিনি সংসদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এই সড়ক প্রশস্ত করা গেলে লক্ষাধিক মানুষের জীবন রক্ষা পাবে-এ কারণে তিনি বিষয়টিকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান।