মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও জালিয়াতির অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। অভিযোগ অনুযায়ী, গত বছর চুক্তিবদ্ধ একটি ম্যাচে মেসির অনুপস্থিতির কারণে আয়োজকদের কয়েক মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নামী সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, মায়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিআইডি’ মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের আয়োজনের জন্য এএফএ-র সাথে তাদের ৫১ লাখ পাউন্ডের (প্রায় ৭ মিলিয়ন ডলার) চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হতো।

মিয়ামি হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে মেসি মাঠে নামেননি। অথচ বিস্ময়করভাবে, সেই ম্যাচের পরদিনই ইন্টার মিয়ামি’র হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এবং জোড়া গোল করেছিলেন। ভিআইডি’র দাবি, তারা মেসির পরিবারের খেলা দেখার জন্য বিশেষ স্যুট বা কক্ষের ব্যবস্থাও করেছিল, কিন্তু তিনি মাঠে নামেননি।

আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেসির না খেলার কারণে এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নেওয়ায় তাদের ৭ লাখ ৩৭ হাজার পাউন্ডেরও বেশি (প্রায় ১ মিলিয়ন ডলার) লোকসান হয়েছে।

এএফএ দাবি করেছিল যে, ভিসা ও অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে টিকিট বিক্রি কম হওয়ায় ভেন্যু পরিবর্তন করা হয়। অন্যদিকে শিকাগো কর্তৃপক্ষ দাবি করে, টিকিট বিক্রি কম হওয়ার কারণ ছিল আয়োজকদের অব্যবস্থাপনা। ভিআইডি আরও জানিয়েছে, এই ক্ষতি পুষিয়ে দিতে এএফএ চীনের সঙ্গে প্রীতি ম্যাচের প্রতিশ্রুতি দিলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।