শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানির মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার পেয়েছেন আফরোজা খানম। উত্তরাধিকার সূত্রে তার প্রয়াত মায়ের নামে থাকা কোম্পানির এসব শেয়ার পেয়েছেন তিনি। গতকালকের শেয়ারবাজারের মূল্য অনুযায়ী যার বর্তমান বাজারমূল্য ১৮ কোটি টাকার বেশি। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আফরোজা খানম বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্ত্রী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। হুরন নাহার রশিদের মৃত্যুর পর তার নামে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়। হুরন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এ তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক।