মোহাম্মদপুরে ৯ হত্যা

অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফা পিছিয়েছে

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফা পিছিয়েছে। প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই তারিখ নির্ধারণ করে দেয়। এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জন আসামি রয়েছেন। আদালতে শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, এক সপ্তাহ সময়ের আবেদন করছি। পরবর্তী তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে। এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করবেন বলে আদালতকে জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করে।