ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে জমি নিয়ে পারিবারিক কলহের জেরে ছেলের দেওয়া ধাক্কায় পড়ে গিয়ে ৮৫ বছর বয়সের এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এঘটনা ঘটে।

মৃত রহিমা বেগম ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছেন।

পরিবারের বরাতে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করে দেন।এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে উত্তেজিত ছেলে নুরুল গাজী তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে  পরেন এবং গুরুতর অসুস্থ হয়ে পরেন। স্বজনরা তাকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।