রেকর্ড ভাঙা-গড়াকে ডালভাত বানিয়ে ফেলেছেন বাবর আজম। এবার কুড়ি ওভারের ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার ফিফটির সেঞ্চুরি হয়ে গেল। গতকাল বুধবার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পিএসএলের ১১তম আসরের ২৩তম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই কীর্তি গড়েন পেশোয়ার জালমি অধিনায়ক।
কোয়েটার বিপক্ষে ৭১ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন বাবর। ৫১ বলের এই ইনিংসে ভর করে জালমি ৮ উইকেটের সহজ জয় পায়। তবে জয়ের চেয়েও বড় আলোচনা এখন বাবরের ১০০তম ফিফটি নিয়ে। এই মাইলফলক স্পর্শের মাধ্যমে তিনি ক্রিস গেইল (৮৮ ফিফটি) এবং রোহিত শর্মাদের মতো তারকাদের ছাড়িয়ে প্রবেশ করেছেন এক বিশেষ অভিজাত ক্লাবে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির লড়াইয়ে বর্তমানে বাবর আজমের আগে রয়েছেন কেবল তিনজন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৬), ভারতের বিরাট কোহলি (১০৭) এবং ইংল্যান্ডের জস বাটলার (১০০)। বাবর আজমের এই অর্জনের পর এখন বড় প্রশ্ন—তিনি কি বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারবেন? পরিসংখ্যান বলছে, বাবর অনেক কম ইনিংস খেলে বাটলার ও কোহলির মাইলফলকের কাছে পৌঁছেছেন, যা তার অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রমাণ।
যদিও ৩৭ বছর বয়সী কোহলি এখনও আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে দাপট দেখাচ্ছেন। সম্প্রতি আইপিএলে আবেশ খানের বলে ৪৯ রানে আউট হয়ে অল্পের জন্য নিজের ১০৮তম ফিফটি মিস করেছেন এই ভারতীয় মহাতারকা। হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করার ঠিক আগেই পিএসএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের গণ্ডি পার করেছেন বাবর। স্ট্রাইক রেট নিয়ে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়লেও বাবর পারফর্মেন্স দিয়ে সব বিতর্ক ধামাচাপা দিচ্ছেন।