আগামীর রিহ্যাবকে একটি সুসংগঠিত, স্বচ্ছ এবং সদস্যদের নিকট আরও আস্থাভাজন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘জাগরণ প্যানেল’। বুধবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীস্থ অভিজাত শেরাটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের জন্য এই প্যানেল তাদের প্রার্থিতা এবং নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। আবাসন খাতের উন্নয়ন ও টেকসই অগ্রগতির লক্ষ্য নিয়ে গঠিত এই প্যানেলটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
জাগরণ প্যানেলের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের সাবেক সভাপতি ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী মোকাররম হোসেইন খান। তার সঙ্গে প্যানেলে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন এ এম মহিব উদ্দিন, আলহাজ্ব এস এম জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম খান এবং শাহাদাত হোসেন। প্যানেল সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিজ্ঞ নেতৃত্ব রিহ্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।
বনানী শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রিহ্যাব সদস্যরা অংশ নেন। তারা জাগরণ প্যানেলের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে এই প্যানেলকে পূর্ণ সমর্থন প্রদান করেন।
জাগরণ প্যানেল থেকে ২০২৬-২৮ মেয়াদে পরিচালক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজওয়ানুল হক, ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার মঞ্জু, মো. আখতার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রোটারিয়ান এস এমদাদ হোসেন ও মো. ওবায়দুর রহমান তালুকদার।