জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতি জট নিরসনের দাবি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদোন্নতি জট নিরসন ও বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

কর্মকর্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৪ অক্টোবর ২০২৫ সালের নির্দেশনার পরও সুপারনিউমারারি পদোন্নতির সমন্বয় ও নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় জনতা ব্যাংকের নিয়মিত পদোন্নতি কার্যক্রম স্থবির হয়ে আছে। ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ অনুযায়ী পদোন্নতির যোগ্য কর্মকর্তা ছিলেন ৫ হাজার ৮৩২ জন। ২০২৫ সালের কাট-অফে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৮৬ জনে।

২০১৯ সালে ১ হাজার ৯২৬ জনকে সুপারনিউমারারি পদোন্নতি দেওয়ার মাধ্যমে জটিলতার সূত্রপাত হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে মোট ৭ হাজার ২১৫ জনকে এ ধরনের পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে জনতা ব্যাংকের ছিলেন ৫৭৯ জন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার পর জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ সুপারনিউমারারি পদ সমন্বয়ের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ৩ মার্চ ২০২৬ বিভিন্ন গ্রেডের ৮৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত করা হয়।

এদিকে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশোধিত অর্গানোগ্রাম ১০ ফেব্রুয়ারি ২০২৬ অনুমোদিত হলেও জনতা ব্যাংকের প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত অর্গানোগ্রামটি ১১ ডিসেম্বর ২০২৫ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। দীর্ঘ সময়েও অনুমোদন না হওয়ায় দ্রুত তা অনুমোদন এবং পদোন্নতি জট নিরসনের দাবি জানিয়েছেন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত