গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। । এ নিয়ে গত ১০ দিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এ হাসপাতালে। আবার নতুন করে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের রিপন মিয়ার ছেলে ১০ মাস বয়সী আব্দুল্লাহ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির মিয়ার ছেলে ১০ মাস বয়সী হুজাইফ।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বুধবার সকালে আব্দুল্লাহ ও বিকেলে হুজাইফের মৃত্যু হয়। তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।