দর্শকদের জন্য তামিম ইকবালের নজিরবিহীন পদক্ষেপ

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের অভিজ্ঞতা এবং সুবিধা-অসুবিধা সরাসরি শুনবেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার বা অংশীজন হিসেবে সমর্থকদের যথাযথ মূল্যায়ন করতেই তামিমের এই অভিনব উদ্যোগ।

এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান, যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কখনও কথা বলি না বা কথা বলার চেষ্টাও করি না।’

তামিম জানান, মাঠে আসা দর্শকদের কষ্ট লাঘব এবং স্টেডিয়ামের পরিবেশকে আনন্দদায়ক করতে বিসিবি বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।’

আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ থেকেই দর্শকদের কথা শুনবেন তামিম। এজন্য দৈবচয়ন ভিত্তিতে ৫-১০ জন দর্শককে বেছে নেওয়া হবে। তার ভাষায়, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত, পানি খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসাথে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব- র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সাথে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।’

দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে বিসিবির কর্মীরাও প্রতিটি গ্যালারিতে সক্রিয় থাকবেন বলে জানান তামিম, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডমলি মানুষের সাথে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব। কোন জায়গায় উন্নতি করলে বাংলাদেশ দলের খেলা দেখার অভিজ্ঞতাকে মেমোরি বানাতে পারব। পরের ম্যাচ থেকেই শুরু করব। এবং সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ সুবিধা দিতে চাই।’

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘’আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।’