মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (৩৫) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল বাংলাদেশ সময়) বিকেল ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
নিহত গিয়াস হাওলাদার ওই এলাকার মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস হাওলাদার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান গিয়াস হাওলাদার। সেখানে তিনি একটি বস্ত্র কারখানা গড়ে তুলেছিলেন। নিয়মিত দেশে আসা-যাওয়া করলেও দীর্ঘদিন পর এবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি দেশে ফেরার জন্য বিমানের টিকিটও কাটা ছিল। দেশে ফিরে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল।
নিহতের বড় ভাই লিটন হাওলাদার বলেন, “অনেক দিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আশায় আমরা দিন গুনছিলাম। আজ রাতেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। বরং এলো মৃত্যুর সংবাদ।” স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।”