মাদারীপুরে ৩০০ ইয়াবাসহ পিস্তল উদ্ধার, আসামি পলাতক

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

মাদারীপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় জড়িত সাব্বির হোসেন হৃদয় (২৬) নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আঃ জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই ইউনিটটি সাব্বির হোসেন হৃদয়ের ভাড়া নেওয়া বসতঘর বলে জানায় পুলিশ।

পরে ওই কক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়। অভিযানের সময় সাব্বির হোসেন হৃদয় পলাতক ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও আগ্নেয়াস্ত্রের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

জেলা পুলিশ বলছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত