এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে প্রায় দুই দশক আগে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশ। জনপ্রিয় অস্ট্রেলীয় অভিনেত্রী ও ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত তারকা রুবি রোজের করা এক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে রুবি রোজ দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেছিলেন। যদিও পোস্টগুলো পরে মুছে ফেলা হয়, তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মঙ্গলবার রুবি রোজ জানান, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর কোনো কথা বলতে পারছেন না।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১০ সালে মেলবোর্নে ঘটা একটি ‘ঐতিহাসিক যৌন অপরাধের’ ঘটনার তদন্ত করছে। তদন্তের স্বার্থে তারা অভিযুক্তের নাম সরাসরি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি কেটি পেরির দিকেই। পুলিশ মুখপাত্র বলেন, ‘তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।’