কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত বুধবার (১৫এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর এলাকার শান্ত সূত্রধর (২৭) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কবরিয়াবাড়ি গ্রামের ভক্ত চন্দ্র কর্মকার (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শান্ত সূত্রধর মারা যান। গুরুতর আহত অবস্থায় ভক্ত চন্দ্র কর্মকারকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তিনিও মারা যান। ধারণা করা হচ্ছে, দুইজন মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হন। নিহতদের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।