ন্যু ক্যাম্পের পাশেই মেসির নতুন সাম্রাজ্য; কিনে নিলেন স্প্যানিশ ক্লাব

লিওনেল মেসি ও বার্সেলোনার সম্পর্ক যে কেবল ফুটবল মাঠের নয়, তা আবারও প্রমাণিত হলো। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে মাত্র ৫ মাইল দূরে অবস্থিত কাতালান ক্লাব ইউই কোর্নেয়া এখন পুরোপুরি মেসির মালিকানাধীন। ৩৮ বছর বয়সী এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড ক্লাবটির ১০০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে।

মেসি তার ফুটবল ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন বার্সেলোনায়। সেই শহরেরই ক্লাব কোর্নেয়া কিনে নেওয়ার মাধ্যমে তিনি নিজের ফুটবলীয় শেকড়ে ফিরে গেলেন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির ফলে কোর্নেয়ার প্রাতিষ্ঠানিক ও ক্রীড়া ক্ষেত্রে এখন থেকে মেসির পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির গত ৭৫ বছরের ইতিহাস বেশ সমৃদ্ধ। এখান থেকে উঠে এসেছেন বর্তমান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির ঘনিষ্ঠ বন্ধু জর্দি আলবার মতো তারকারা। এছাড়াও বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং এস্পানিওল অধিনায়ক জাভি পুয়াদোও এই ক্লাবেরই সৃষ্টি।

২০২১ সালে কোপা ডেল রে-তে জায়ান্ট আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চমক দিয়েছিল এই ক্লাবটি। পরে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে তারা বিদায় নিলেও নিজেদের শক্তির জানান দিয়েছিল কোর্নেয়া।

গত মৌসুমে অবনমনের শিকার হওয়া কোর্নেয়া বর্তমানে স্পেনের পঞ্চম স্তর থেকে চতুর্থ স্তরে (সেগুন্ডা ফেডারেশন) ওঠার জন্য লড়াই করছে। মেসির এই ১০০% মালিকানা গ্রহণের ফলে ক্লাবটির আর্থিক ভিত্তি যেমন মজবুত হলো, তেমনি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বড় লিগে ফেরার পথও সুগম হলো।

মেসির এই প্রকল্পটি কেবল একটি বিনিয়োগ নয়, বরং স্থানীয় প্রতিভাদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার একটি কৌশলগত পরিকল্পনা। ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনের মাঝেই নিজের এই নতুন ব্যবসায়িক ইনিংস শুরু করলেন ফুটবল জাদুকর।