বাবা হারানোর শোক কাটিয়ে মেসির গোল

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

গোল করে লিওনেল মেসির আকাশের দিকে দু-হাত তুলে ইশারা করে উদযাপনটা বেশ চিরচেনা। তবে গতকালের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচের ক্ষেত্রে এটা কিছুটা আলাদাই। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মেসির প্রথম গোল। যেন স্মরণ করছিলেন বাবাকেই।

এদিকে ম্যাচের শেষ মুহূর্তের উত্তেজনায় দেখা মিলে জোড়া লাল কার্ডের। একটি অনভিপ্রেত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত মিডফিল্ডার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি। এদিকে ম্যাচে হলুদ কার্ড দেখেছে তার ভাই কুইন সুলিভানও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ২১ মিনিটে মেসির চমৎকার ক্রস থেকে লুইস সুয়ারেস হেড করে বল বাড়ান ফরোয়ার্ড ড্যানিয়েল পিন্টারের দিকে, যিনি নিখুঁত শটে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি করেন। এমএলএসে এটি ছিল পিন্টারের ক্যারিয়ারের প্রথম গোল।

এর কিছুক্ষণ পর, ম্যাচের ২৬ মিনিটে জাদুকরী নৈপুণ্য দেখান মেসি। ডি-বক্সের বাইরে থেকে নিজের প্রিয় বাঁ পায়ে বল কেটে ১২ গজ দূর থেকে কোণাকুণি শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মহাতারকা। গোল করার পর স্বভাবসুলভ ভঙ্গিতে আকাশের দিকে আঙুল তুলে বাবাকে স্মরণ করেন তিনি এবং সতীর্থদের উষ্ণ আলিঙ্গনে সিক্ত হন।

ফিলাডেলফিয়াও অবশ্য সহজে হাল ছাড়েনি। প্রথমার্ধেই ভলিতে গোল করে সমতা ফেরান ইন্ডিয়ানা ভ্যাসিলিভ। এরপর ম্যাচের ৫৮ মিনিটে ইউনিয়নের ১৮ বছর বয়সী ডিফেন্ডার নিল পিয়েরে চমৎকার হেডে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান। চলতি মৌসুমে এটি ছিল তার তৃতীয় গোল। ম্যাচের ৬২ মিনিটে মিলান ইলোস্কি ইউনিয়নকে এগিয়ে নেওয়ার উল্লাস করলেও ভিএআর রিভিউতে পিয়েরে অফসাইডে থাকায় সেই গোলটি বাতিল করা হয়।

ম্যাচ শেষের নির্ধারিত সময় ও উত্তেজনার পারদ চরমে ওঠে ইনজুরি টাইমে। বলের বাইরে একটি অনভিপ্রেত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় জোড়া লাল কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের লজ্জাজনক ধারা থেকে কিছুটা স্বস্তি পেল ইন্টার মায়ামি। চলতি মৌসুমে ১৭ এমএলএস ম্যাচে মেসির নামের পাশে এখন ১৩ গোল এবং ৯ অ্যাসিস্ট জমা হয়েছে। ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন মায়ামি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত