অপরাজিত আর্সেনালকে উপভোগের বার্তা আর্তেতার

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে কোনো গোল হয়নি। কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের ফল এতক্ষণে সবারই জানা। স্পোর্তিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-০ গোলে জেতায় সেমিফাইনালের টিকিট পেয়ে যায় মিকেল আর্তেতার দল। এর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো টানা দুবার সেমিফাইনাল উঠল আর্সেনাল।

ফিরতি লেগে খেলোয়াড়রা গোল করতে না পারলেও আর্তেতার তেমন ভাবনা নেই। বরং মৌসুমের শেষ দিকে এসে দল এখন যে পর্যায়ে অবস্থান করছে, সেটা সমর্থকদের উপভোগ করার পরামর্শ দিয়েছেন আর্সেনাল কোচ,  ‘স্বীকার করছি আমরা নিখুঁত নই। কিন্তু খেলোয়াড়রা যা করেছে তার মূল্য আছে। (জয়ের জন্য) অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই এ ফল বের করে আনতে হয়েছে... শিরোপা জিততে এই লড়াকু মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।’

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে আর্সেনাল, জয় মোটে একটিতে। বুধবার রাতে আর্সেনালের ফিরতি লেগের পারফরম্যান্সও সমালোচিত হয়েছে। গানাররা দীর্ঘ ছয় বছর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের খরা শেষ পর্যন্ত কাটাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহে ভুগছেন অনেকেই। কারণ, গত কয়েক মৌসুম ধরেই তীরে গিয়ে তরী ডোবানোয় হতাশায় পুড়ছে আর্তেতার দল।