মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও ফিল্ডারদের ব্যর্থতায় লড়াই চালিয়ে যাচ্ছে কিউইরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারী নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান।
আজ শুক্রবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তারুণ্যনির্ভর কিউইদের শুরুটা অবশ্য ভালো হতে দেননি শরীফুল ইসলাম। ইনিংসের সপ্তম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শরীফুলের করা একটি খাটো লেংথের বল ড্রাইভ করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন নিক কেলি (৭)। ২১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।ফিরতি ওভারে শরীফুল আবারও উইকেট পেতে পারতেন। তবে স্লিপে উইল ইয়ংয়ের দেওয়া সহজ ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন সাইফ হাসান।
জীবন পেয়ে হেনরি নিকোলাসকে নিয়ে জুটি গড়তে শুরু করেন ইয়ং। মাঝে ওভারথ্রো আর মিসফিল্ডিংয়ের সুযোগ নিয়ে কিউইদের স্কোরবোর্ড সচল থাকে। ২০তম ওভারে নাহিদ রানার বলে নিকোলাসের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন সফল হলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ২২তম ওভারে একশ ছাড়ায় কিউইদের রান। তবে সেই ওভারেই আঘাত হানেন রিশাদ হোসেন। রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ বলে ৩০ রান করা উইল ইয়ং। ভেঙে যায় ৭৩ রানের কার্যকরী জুটি।
২৭তম ওভারে কিউই শিবিরে বড় আঘাত হানেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার করা একটি ঘূর্ণি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক টম ল্যাথাম (১৪)। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ৬৫ বলে নিজের ফিফটি পূর্ণ করেন হেনরি নিকোলাস। তবে বড় ইনিংস খেলার পথে থাকা নিকোলাসকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ। ৮৩ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।