শিক্ষার্থীদের ক্লাসরুমে আনাই আমাদের লক্ষ্য: ববি হাজ্জাজ

সব শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেছেন, বৃত্তি পরীক্ষা হলো উৎসাহিত করা। আমরা আগামী দিনগুলোতে এই বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা আমরা দিচ্ছি সেটার সাইজ আমরা বাড়াব। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে। তারা যেন ক্লাসরুমে আসে। তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য যা যা করণীয় আমরা সবকিছু করতে চেষ্টা করব। আমরা গার্ডিয়ানদের সাথেও কথা বলব।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সল ইনস্টিটিউট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, আজ বৃত্তি পরীক্ষার তৃতীয় দিন চলছে। আমরা দেখলাম খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে কি না- সেটা আমরা দেখছি। আমাদের প্রত্যেকটা স্কুলকে, প্রত্যেকটা জেলা উপজেলার শিক্ষা অফিসারদেরও সেই নির্দেশনা দেওয়া আছে।

যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে তারা এই মধ্যে সাড়ে তিন মাস ষষ্ঠ শ্রেণিতে ক্লাসও করেছে। অথচ এখন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থীদের পাঠ্যক্রমের প্রতি এবং পরিবারদের উৎসাহিত করার প্রসেস। আমরা বাদ দিতে চাই না। অন্তর্বর্তী সরকারের সময়ে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল, তারা কোনো কারণে দিতে পারেনি। সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি।