কক্সবাজারোর টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া এবং হ্নীলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৩ জন ভিক্টিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সুত্রে জানা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরে তাদেরকে সিএনজি যোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১১ ও ১০১২) অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে বিষয়টি র্যাব-১৫-কে অবহিত করা হলে র্যাব অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জন ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃতরা হল, কক্সবাজার সদর লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকার জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২), আয়াত উল্যাহ (২২)
এব্যাপারে সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ভিকটিমদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষে র্যাবের অভিযান অব্যাহত আছে।