টেকনাফে বিএনপি নেতার ওপর হামলা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সালমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার সালমান (৩২) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক আ ম ফারুক জানান, ১৮ জুলাই ভোরে কক্সবাজার সদরের ফুলবাগ সড়ক চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের আলোচিত চাঁদাবাজি ও গুরুতর জখম মামলার ২ নম্বর আসামি সালমানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গত ২ জুন টেকনাফ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড হাঙ্গার ডেইল এলাকায় আরসিসি ঢালাইয়ের কাজ চলাকালে সালমান ও তার সহযোগীরা ঠিকাদার আব্দুর রশিদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। মামলার পর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আত্মগোপনে থাকা সালমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সালমানের বিরুদ্ধে রাজনীতি, হত্যার পরিকল্পনা, অস্ত্র ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সালমানের ভয়ে অনেকেই তার বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধর, অবৈধ অস্ত্র প্রদর্শন ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতেন। এছাড়া আগস্টের পর ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ওঠার পর তিনি আত্মগোপনে চলে যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সুকান্ত জানান, টেকনাফ পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলায় মো.সালমান ২ নম্বর পলাতক আসামি। শনিবার র‌্যাব-১৫ এর একটি টিম কক্সবাজার সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। সালমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে রবিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত