সাভারে চার মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় পলাতক এক আসামীর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বিল্লাল হোসেন (৪২), রাখাল মাল (৩০), আজিত ওরফে কাচু (৩০) এবং সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে রাখাল মাল ও আজিত ওরফে কাচুকে ১ কেজি গাঁজা ও ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া রাত ৮টার দিকে ধামরাইয়ের কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে সামু ওরফে দয়াল ভান্ডারীকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় এনামুল হকের চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, পৃথক এসব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।