চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার (১৭ এপ্রিল) এক দিনেই ভিড়েছে এক লাখ টনের বেশি ডিজেল ও অকটেনবাহী চারটি অয়েল ট্যাঙ্কার। চলমান জ্বালানি সংকট শুরুর পর এটাই এক দিনে জ্বালানি তেলের সর্বোচ্চ সরবরাহ।
বিপিসি সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ১ লাখ ৯ হাজার টন ডিজেল নিয়ে তিনটি অয়েল ট্যাঙ্কার এবং ২৭ হাজার টন অকটেন নিয়ে আরেকটি ট্যাঙ্কার বন্দরের বহির্নোঙরে ভিড়ের শিডিউল ছিল। এর মধ্যে দুটি ট্যাঙ্কার ইতিমধ্যে ভিড়েছে। বাকি দুটি রাতের মধ্যে পৌঁছাবে।
চার ট্যাঙ্কারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দক্ষিণ কোরিয়া থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে এমটি ‘ওকট্রি’ দুপুর ১২টায় বহির্নোঙরে পৌঁছেছে। ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান সং হু’ এসেছে। রাত ৮টা থেকে ১১টার মধ্যে মালয়েশিয়া থেকে আসা ২৭ হাজার টন অকটেনবাহী এমটি ‘নেভ সিয়েলো’ ভিড়বে। আর রাত ১১টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে এমটি ‘কেপ বনি’ ভিড়বে।
চারটি ট্যাঙ্কারই আকারে বড়। তাই বহির্নোঙরে ভিড়ার পর কিছু তেল সেখানেই খালাস করা হবে। পরে ড্রাফট কমে এলে ডলফিন অয়েল জেটিতে এসে বাকি তেল খালাস হবে। এতে দুই-এক দিন সময় লাগতে পারে।
বিপিসি জানায়, সারা দেশে প্রতিদিন ডিজেলের চাহিদা ১২ হাজার ৫০০ মেট্রিক টনের বেশি এবং অকটেনের চাহিদা ১ হাজার ২০০ টন। নতুন এসব ট্যাঙ্কার থেকে খালাস শেষে ডিজেল ও অকটেনের মজুত বাড়বে। ফলে চলমান মজুত সংকট অনেকটাই কমে যাবে।